বগুড়ায় চিকিৎসক ধর্মঘটে দুই হাসপাতাল অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল সোমবার চিকিৎসকেরা জেলা শহরের দুটি হাসপাতালে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এ কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হয়েছে।এ ছাড়া হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকেরা বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান শেষে জেলার সব হাসপাতালে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার পক্ষ থেকে দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৯ অক্টোবর পর্যন্ত জেলার সব হাসপাতালে চিকিৎসক ধর্মঘট ও কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন বিএমএ জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল আলম। তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে ২০ অক্টোবর পরবর্তী সভা থেকে সরকারি-বেরসরকারি সব হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।গতকাল সকালে বিএমএর উদ্যোগে মোহামঞ্চদ আলী হাসপাতাল চত্বর থেকে চিকিৎসকেরা শহরে মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। পরে বিএমএর পক্ষ থেকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানান, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।দুই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ: চিকিৎসকেরা গতকাল চার ঘণ্টার ধর্মঘট ও কর্মবিরতি পালনের কারণে ৫০০ শয্যার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার মোহামঞ্চদ আলী হাসপাতাল কার্যত অচল হয়ে পড়ে। ওই দুই হাসপাতালে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ ছিল। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে ফিরে গেছে কয়েক শ রোগী।পেটের ব্যথায় চিকিৎসা নিতে আসা সদরের এরুলিয়ার আনিছার রহমান (৬৫) বলেন, ‘ব্যথায় মরে যাচ্ছি, কোনো ডাকতার নাই। ক্লিনিকত চিকিৎসা লিবার মতো হামার কোনো টেকা নাই।’ একই অবস্থা মোহাম্মদ আলী হাসপাতালেও। সেখানে চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগই বন্ধ ছিল।১২ অক্টোবর ছুরিকাঘাতে আহত হয়ে গাবতলীর রায়হান আলী নামের এক যুবক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে তাঁর স্বজনেরা কয়েকজন চিকিৎসককে মারধর করে।