বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় চিকিৎসক, কারারক্ষী, পুলিশসহ এক দিনে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন সম্প্রতি অন্য জেলা থেকে বগুড়ায় ফিরেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বগুড়া জেলা থেকে সংগ্রহ করা ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের একজন চিকিৎসক, বগুড়া জেলা কারাগারের একজন কারারক্ষী, কাহালু থানা ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির দুজন পুলিশ কনস্টেবল আছেন। এ নিয়ে ২৬ পুলিশ ও ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ জেলায় ৮৮ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ঢাকা ফেরত ৫৫ বছর বয়সী এক ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি ১৬ মে ঢাকা থেকে বগুড়ায় ফিরে ওই দিনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নমুনা দেন।

সারিয়াকান্দি উপজেলায় টঙ্গী ফেরত ২৭ বছর বয়সী একজন করোনা পজিটিভ হয়েছেন। তিনি ১২ মে টঙ্গী থেকে বাড়ি ফেরেন। ১৬ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

গাবতলী উপজেলার ঢাকা ফেরত এক নারীর (৩৫) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ১৬ মে ঢাকা থেকে বগুড়ায় ফেরেন।

বগুড়া সদরের ৩৪ বছর বয়সী একজনের করোনা 'পজিটিভ' শনাক্ত হয়েছে। নমুনা দেওয়ার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।