বগুড়ায় চিকিৎসক লাঞ্ছিতের সত্যতা পায়নি বিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগের সত্যতা পায়নি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখা। গতকাল শনিবার বিএমএর জেলা শাখার সভাপতি মোস্তফা আলম ও সাধারণ সম্পাদক রেজাউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ জানিয়ে গত বৃহস্পতিবার বগুড়া ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক জাকিরুল ইসলাম লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এতে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
বিএমএর একজন নেতা বলেন, বিএমএর নেতারা শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ও ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক ডাকেন। তবে জাকিরুল বৈঠকে উপস্থিত হননি। জাকিরুল বলেন, বৈঠকে তাঁর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিএমএ নেতারা যা ভালো মনে করেছেন, সেভাবেই বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তি করে দিয়েছেন।
লিখিত অভিযোগে জাকিরুল উল্লেখ করেছিলেন, গত মঙ্গলবার মমতাজ উদ্দিন নিজ কক্ষে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযোগ অস্বীকার করে মমতাজ উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে তিনি চিকিৎসকদের বকেছিলেন সত্যি, তবে কাউকে মারধর করেননি।