বগুড়ায় চিকিৎসকের ২৭০ পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলার ২০টি হাসপাতালে চিকিৎসকের পদ ৭৪০ টি। এর মধ্যে কর্মরত চিকিৎসকের সংখ্যা ৪৭০। দীর্ঘদিন ধরে ২৭০টি পদ শূন্য রয়েছে।

এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ বছরেও চালু হয়নি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। প্রায় ১১ মাস ধরে ক্যাথল্যাব যন্ত্র অকেজো থাকায় বন্ধ রয়েছে হৃদ্রোগীদের এনজিওগ্রাম পরীক্ষা। এভাবে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

৫০০ শয্যার এই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ৩৩৭টি পদ থাকলেও কর্মরত আছেন ১৯৩ জন। পদ খালি রয়েছে ১৪৪ টি। এর মধ্যে হাসপাতালে চিকিৎসকের ৭৩টি ও কলেজের ৭১টি পদ শূন্য।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, মেডিকেল কলেজের শিক্ষকেরাই চিকিৎসা দেন হাসপাতালে। শূন্যপদে জনবল চেয়ে প্রতি মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হচ্ছে।

হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচালকসহ এখানে প্রথম শ্রেণির পদমর্যাদার ১৯০টি পদ রয়েছে। এর মধ্যে ১১৭টি পদে চিকিৎসক থাকলেও ৭৩টি পদ দীর্ঘদিন ধরে খালি। এর মধ্যে ১৩টি রেজিস্ট্রার, ২৭টি সহকারী রেজিস্ট্রার ও চিকিৎসা কর্মকর্তার ১৪টি পদ এখন শূন্য আছে।

এদিকে গত বছরের ৩০ জুলাই থেকে বিকল হয়ে আছে হৃদ্রোগীদের এনজিওগ্রাম পরীক্ষার ক্যাথল্যাব। অবকাঠামো ও যন্ত্রপাতি থাকার পরও ১০ বছরেও চালু হয়নি হাসপাতালের আইসিইউ। এতে মুমূর্ষু রোগীদের ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার বন্ধ রয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান বলেন, শূন্যপদে চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে চিকিৎসকসংকটের চেয়ে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইসিইউ ও ক্যাথল্যাব চালু করা। ক্যাথল্যাব চালুর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত জনবল ও আইসিইউ চালুর জন্য গ্যাস-সংযোগ প্রয়োজন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর দিকে সংযুক্ত করা হয়েছিল শহরের ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে। পরে মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তর হওয়ার পর এটি চলছে স্বতন্ত্র হাসপাতাল হিসেবে। প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১ হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসকসংকটের কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে, এই হাসপাতালে চিকিৎসকের ৭৩টি পদের মধ্যে বর্তমানে তত্ত্বাবধায়ক ও দুটি আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদসহ ১২টি শূন্য। গাইনি, নাক-কান-গলা, সার্জারি, চক্ষু ও জরুরি বিভাগে অস্ত্রোপচার চালু থাকলেও দুজন মাত্র অবেদনবিদ ও দুজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা রয়েছেন। তবে চালু নেই অর্থোপেডিকস, নিউরোসার্জারি ও হৃদ্রোগ বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। ১২টি অ্যানেসথেসিয়া ও ডায়াফার্মি যন্ত্রের ৮টিই বিকল।

 ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অর্থোপেডিকস, নিউরো ও হৃদ্রোগ বিভাগ না থাকায় দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।

 জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,৩টি ২০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ১টি করে বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল ও স্কুল হেলথ ক্লিনিকে ৩৩০ জন চিকিৎসকের পদের মধ্যে ২১৬ জন কর্মরত রয়েছেন। শূন্য রয়েছে ১১৪টি পদ। এর মধ্যে আরএমওর ১৪টি পদের সবগুলোই শূন্য। একজনমাত্র চিকিৎসক দিয়ে চলছে বক্ষব্যাধি হাসপাতাল, স্কুল হেলথ ক্লিনিক, আলিয়ারহাট ও সান্তাহার ২০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। এ ছাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে শিবগঞ্জে চিকিৎসকের ২১টি পদের ৯ টি, কাহালু ও আদমদীঘিতে মোট ৬ টি, সারিয়াকান্দিতে ১১ টি, দুপচাঁচিয়া ও গাবতলীতে ৮টি করে, ধুনটে ১০ টি, সোনাতলায় ১২টি খালি। এ ছাড়া ৩১ শয্যার ক্ষেত্রে নন্দীগ্রামে ১০ পদের ৩টি এবং শেরপুরে ১০ টির ২টি পদ শূন্য।

 উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সাতটি এক্স-রে মেশিন নষ্ট। সারিয়াকান্দি ছাড়া কোথাও নেই আল্ট্রসনোগ্রাফির যন্ত্র। সারিয়াকান্দিতে যন্ত্র থাকলেও তা চালানোর লোক নেই।

সিভিল সার্জন অর্ধেন্দু দেব বলেন, চিকিৎসক ও উপকরণসংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে।