বগুড়ায় চেয়ারম্যানসহ ১৫ জেলায় আটক ১৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলমান হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক অভিযান চলছেই। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৫ জেলা থেকে ১৪৮ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।
যশোরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের আটক করা হয়।
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাত এবং মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লতিফ শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে।
মৌলভীবাজারে ২০-দলীয় জোটের দুই নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীনকে (২৮) সোমবার সন্ধ্যার দিকে শহরতলির চাঁদনীঘাট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সকালে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারীতে জামায়াতের নায়েবে আমিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁরা হলেন সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাসুম বিন ওয়াজেদ (৩৬) ও টুপামারী ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আনোয়ার হোসেন (১৮)।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষক দল সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার আলীকে (৫৫) মিরপুর থানা-পুলিশ আটক করেছে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানা-পুলিশ সেলিম রেজা নামের এক জামায়াত কর্মীকে গতকাল গ্রেপ্তার করেছে। তিনি সলঙ্গা থানার নলকা সেনগাঁতী গ্রামের মোহর আলীর ছেলে।
দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার অভিযোগে পুলিশ দুই শিক্ষকসহ চার ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন আফতাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, মোগরপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, কুশদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মনোয়ার হোসেন এবং একই ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল সম্পাদক সেকেন্দার আলী।
কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে পেট্রলবোমাসহ আদিল হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহাসড়কে পাহারারত আনসার সদস্যরা। তাঁর বাড়ি দেবীদ্বার উপজেলার বড়শালঘর-সংলগ্ন নয়াহাটি গ্রামে।
গাইবান্ধায় জামায়াত-শিবিরের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গাজীপুরে জামায়াতের এক রুকনসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাওলানা আবদুল মতিন (৫৩) শ্রীপুর উপজেলার বরমা এলাকার আবদুল বারীর ছেলে। রংপুরের বদরগঞ্জে পেট্রলবোমাসদৃশ তিনটি বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র্যা ব।
(প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি)