বগুড়ায় ছাত্র পেটানোর মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ছাত্র পেটানোর মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নুরুল ইসলাম (৫০) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।পুলিশ বলেছে, নুরুল ইসলাম শহরের নিশিন্দারা এলাকায় অবস্থিত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তাঁর বিরুদ্ধে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শাহরিয়ার আহম্মেদকে পিটিয়ে আহত করার অভিযোগে মামলা করেন শাহরিয়ারের বাবা ও নামাজগড় এলাকার বাসিন্দা মোতালেব হোসেন।পুলিশ জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর শাসন করার নামে নুরুল ইসলাম তাঁর ছাত্র শাহরিয়ারকে বেদম মারপিট করেন। তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। এক সপ্তাহ পর ওই শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে মোতালেব হোসেন লিখিত অভিযোগ করেন।মোতালেব হোসেনের অভিযোগ, কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। ফলে তিনি গতকাল মামলা করেন। এর পরই পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।অধ্যক্ষ তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা একটি তদন্ত কমিটি করেছিলেন। কমিটি অভিযোগের কিছুটা সত্যতা পাওয়ায় তাঁরা ওই শিক্ষককে সতর্ক করেন এবং ওই ক্লাস থেকে প্রত্যাহার করে নেন। একজন শিক্ষকের বিরুদ্ধে এর চেয়ে বেশি মাত্রার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে তাঁরা শোভনীয় মনে করেননি।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, নুরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।