বগুড়ায় ছাত্রকে কুপিয়ে হত্যা
বগুড়ার গাবতলী উপজেলায় খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে জনি মিয়া (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কৈঢোপ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় করুণাকান্ত উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জনি ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। নিহত ছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বেলা ১১টার দিকে আবদুর রাজ্জাকের বাড়ির কাছে তাঁর ভাতিজা রুবেল (৭) ও প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে আমিন (৬) খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনা নিয়ে বেলা আবদুর রাজ্জাক ও তাঁর ভাই খাজা মিয়ার সঙ্গে জিয়াউর রহমানের আত্মীয় হাবিবের পরিবারের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত সাড়ে আটটায় হাবিবের তিন ছেলে জিয়া, রাজু ও মঞ্জু আবদুর রাজ্জাকের বাড়িতে গিয়ে জনিকে কুপিয়ে আহত করে। জনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।