বগুড়ায় ছাত্রদলের কর্মিসভায় ছাত্রলীগের হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছাত্রদলের কর্মিসভায় ছাত্রলীগের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা সবাই ছাত্রদলের নেতা-কর্মী।ছাত্রদলের অভিযোগ, মেডিকেল কলেজের ক্যানটিনে ছাত্রদলের কর্মিসভায় ছাত্রলীগ বিনা উস্কানিতে হঠাৎ হামলা চালিয়ে তাদের কর্মীদের মারপিট করেছে। পরে আবাসিক হোস্টেলে ঢুকে আরও এক দফা হামলা চালায়। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বিকেলে মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এম এম নাসিমুজ্জামানের সভাপতিত্বে কলেজ ক্যানটিনে ছাত্রদলের কর্মিসভা চলছিল। সভা চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাতে বাধা দেন। তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের ক্যানটিন থেকে বের করে দিতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের একটি অংশ আবাসিক ছাত্রাবাসে গিয়ে অবস্থান নেয়।তখন সুযোগ বুঝে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়েও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে জাহিদ হাসান ও রায়হান মাহি নামে ছাত্রদলের দুই কর্মী গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে ছাত্রদলের এই অংশের নেতা-কর্মীরাও ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। ছাত্রদলের শজিমেক শাখার সভাপতি এম এম নাসিমুজ্জামান অভিযোগ করেন, ছাত্রদল শান্তিপূর্ণভাবে কর্মিসভা করছিল। ছাত্রলীগ হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।