বগুড়ায় ছাত্রলীগ কর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা
বগুড়ায় গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ কর্মী সৌরভ হাসানকে (১৮) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁর ডান হাতের কবজি এবং বাঁ হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলেছে। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌরভ হাসান বগুড়া শহরতলির বৃন্দাবনপাড়ার মামুন হাসানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে বৃন্দাবনপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর তাঁর কয়েকজন পরিচিত বন্ধু এসে গতিরোধ করে। এরপর জোর করে একটি প্রাইভেট কারে করে শহরতলির শহরদীঘি গ্রামে নিয়ে যায়। সেখানে একটি বাগানের মধ্যে তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতের কবজি ও বাঁ হাতের তিনটি আঙুল কেটে ফেলে। এ সময় তিনি চিৎকার দিলেও কেউ এগিয়ে আসেনি। পরে সন্ধ্যায় হামলাকারীদের একজন তাঁকে মোটরসাইকেলে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চলে যায়।
সৌরভ বগুড়ার আদর্শ কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল-রাজী জুয়েল সৌরভকে ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করলেও ঘটনাটি রাজনৈতিক নয় বলে জানান। তিনি বলেন, তাঁর বন্ধুদের সঙ্গে পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে তাঁর বন্ধুরা এ কাজ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সৌরভের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।