বগুড়ায় ছাত্রলীগ নেতাকে মারধর উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে জেলা যুবলীগের সভাপতি ও তাঁর সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ওই ঘটনার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরেও যুবলীগের সঙ্গে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতমাথার দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো ও যুগ্ম সম্পাদক আহমেদুর রহমান ওরফে ডালিম নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের সাবেক এক নেতা সেখানে গিয়ে জানান, জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম বাইরে হিরোকে ডাকছেন। হিরো কার্যালয় থেকে বের হলে যুবলীগের সভাপতি ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় যুগ্ম সম্পাদক ডালিম সেখানে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
ওই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতমাথা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে যুবলীগের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন।
মাশরাফী হিরো জানান, যুবলীগের সভাপতি ও তাঁর কয়েকজন সহযোগী কোনো কারণ ছাড়াই তাঁকে মারধর করেন। রাতে শহরের বৃন্দাবনপাড়ায় তাঁর বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে মঞ্জুরুল আলমের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, যুবলীগের সভাপতি হিরোকে একটু শাসন করেছেন। ছেলেটি সবার সঙ্গে খারাপ ব্যবহার করত।
মমতাজ উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ফয়জুর রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’