বগুড়ায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আটক ২
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন হত্যার ঘটনায় জীবন (২৫) ও সুনীল (২৪) নামে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের ফুলবাড়ি এলাকা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, শুক্রবার রাত আটটা পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে ইব্রাহীম হোসেনের পরিবার বা অন্য কেউ মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা যুবলীগের নেতা নুরুল ইসলামকেও আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম খুন হন।
এ ঘটনার পর জেলা ছাত্রলীগ অভিযোগ করে আসছে, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর সদর থানার ওসি এমদাদ হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, ‘আন্দোলন কর্মসূচির ব্যাপারে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত শনিবার জানানো হবে।’
এদিকে, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে নিহত ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেনের লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লহড়াপাড়া গ্রামে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সেখানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।