বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে। সরকারি আযিযুল হক কলেজে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে সর্বশেষ গত বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।সংগঠন সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর উপস্থিতিতে ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় জগলুল পাশাকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী তিন মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।পরদিনই জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাল্টা একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সভাপতির পক্ষের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে মিছিল বের করলে সাধারণ সম্পাদকের পক্ষ তাঁদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাধারণ সম্পাদক পক্ষের যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, মাহমুদুল হাসান, আবদুস ছালাম, রাজু আহম্মেদ, নাজির হোসেন, রকি এবং সভাপতির পক্ষের মেহেদুল ইসলাম, সাদ্দাম ও মিঠু আহম্মেদ আহত হন। এর মধ্যে মেহেদুল ইসলাম ও সাদ্দাম ছুরিকাহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বলেন, ‘ছাত্রলীগের সভাপতির অসহযোগিতার কারণে ওই কলেজে পূর্ণাঙ্গ কমিটি করা যাচ্ছে না। ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখা বিলুপ্ত হয়নি। আমরা বর্ধিত সভা করে সেখানে আহ্বায়ক কমিটি করেছি।’ জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।