বগুড়ায় ছাত্রলীগের নেতা হত্যায় ব্যবহূত পিস্তলটি উদ্ধার
বগুড়ায় ছাত্রলীগের নেতা সাখাওয়াত হোসেন হত্যাকাণ্ডে ব্যবহূত পিস্তলটি গতকাল বৃহস্পতিবার শহরের শিববাটি এলাকার একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়া যুবলীগের কর্মী ওমর খৈয়ামের তথ্য অনুযায়ী পুলিশ গতকাল দুটি গুলিভর্তি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।শহরের শিববাটি এলাকায় গত ৪ জুন রাতে একদল সন্ত্রাসী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াতকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ওমরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ওমরসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওমরকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ওমর জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ও হত্যাকাণ্ডে ব্যবহূত পিস্তলটি তাঁর হেফাজতে রয়েছে বলে স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দুটি গুলিভর্তি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওসি জানান, এ ব্যাপারে ওমরের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।