বগুড়ায় ছাত্রলীগের সমাবেশ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আজিজুল হক কলেজে গতকাল শনিবার ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সমাবেশ ও কলেজের সামনের সড়ক অবরোধ করেছে। জেলা ছাত্রলীগের কমিটি, সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে এবং তিন কর্মীকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, গত শুক্রবার জেলা ছাত্রলীগের জরুরি সভায় আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সরকারি আজিজুল হক কলেজে মশিউর রহমানকে সভাপতি ও আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং সরকারি শাহ সুলতান কলেজে বিশ্বজিৎ কুমার সাহাকে সভাপতি ও স্বপন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরকারি আজিজুল হক কলেজ শাখার তিন কর্মী অসীম কুমার রায়, বেনজির আহমেদ ও আবদুল হান্নানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এসব সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বেলা ১১টায় প্রতিবাদে ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাজমিলুর রহমানের সভাপতিত্বে কলেজ চত্বরে সমাবেশে বক্তব্য দেন শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অসীম কুমার রায়, লিটন কুমার সাহা, বেনজির আহমেদ, আবদুল হান্নান, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, কলেজে যে নতুন কমিটি হয়েছে, সেই কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পরে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আধা ঘণ্টা তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।