বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় এ মাসেই অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং পরে মা-মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত দ্রুত শেষ করে পুলিশের পক্ষ থেকে এ মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেছেন, তদন্ত কার্যক্রম অনেকটা এগিয়েছে।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের শ্বশুর জামিলুর রহমানকে আজ জামিন দিয়েছেন বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়। অন্যদিকে ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি সাধারণ মানুষকে সাক্ষ্য দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করলেও তাতে তেমন সাড়া মিলছে না।

তুফানের শ্বশুর জামিলুর রহমানের পক্ষ থেকে তাঁর আইনজীবী আজ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালতে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক শাজাহান আলী।

তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ সাক্ষ্য দেওয়ার সাহস পাচ্ছেন না।

তদন্ত কার্যক্রমে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান ও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ বলেন, প্রায় এক সপ্তাহ আগে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও তেমন সাড়া মিলছে না। এ পর্যন্ত চার থেকে পাঁচজন সাক্ষ্য দিতে এসেছেন। কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে, তা নিশ্চিত করতে পারেননি তদন্ত কমিটির প্রধান। তিনি বলেন, ১৫ দিনেও তদন্ত শেষ হতে পারে; আবার ছয় মাসও লাগতে পারে।

জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে মৌখিক তাগাদা দেওয়া হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটির বগুড়ার সভাপতি মাসুদার রহমান হেলাল প্রথম আলোকে বলেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বাসায় নিয়ে। পরে মেয়েটি ও তার মাকে নির্যাতন করে চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে, সেটাও বাসার ভেতরে। এখানে নির্যাতিত ব্যক্তিদের স্বীকারোক্তিই বড় প্রমাণ। বাইরের কোনো সাক্ষী এখানে মুখ্য নয়। এরপরও তদন্ত কমিটি সরেজমিনে গিয়ে নানা তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারত। কিন্তু তা না করে প্রশাসনের তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তি দিয়ে ঘটনার সাক্ষীদের তাঁদের কাছে ডেকেছেন। আসামিরা প্রভাবশালী। এভাবে কেউ সাক্ষ্য দেবে না। যেভাবে তদন্ত করা হচ্ছে—এটা লোক দেখানো এবং তদন্তের নামে প্রহসন বলেই মনে হচ্ছে।

গত ১৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তুফান সরকার। পরে তুফানের স্ত্রী আশা সরকার, তাঁর বড় বোন নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার ও তুফানের সহযোগীরা ধর্ষণের শিকার মেয়েটি ও তার মায়ের ওপর নির্যাতন চালান। দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ জুলাই রাতে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, এ মামলার প্রধান আসামি তুফান সরকার, তাঁর স্ত্রী আশা, আশার বড় বোন মার্জিয়াসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তুফান সরকারের সহযোগী মুন্না, আতিকুর রহমান ও জীবন রবিদাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে নির্যাতিত মেয়েটিকে রাজশাহী মহানগরীর বায়া এলাকায় সেফহোমে এবং তার মাকে প্রায় চার কিলোমিটার দূরে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে।