বগুড়ায় ছিনতাইকারীরা বেপরোয়া দেখামাত্র গুলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। হত্যাকাণ্ড, বড় ধরনের চুরি ও অবাধে মাদক কেনাবেচার মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে। গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয় ও কলেজের দুজন ছাত্র ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত, বগুড়া জেলা প্রশাসকের বাসভবনে ডাকাতির মতো ঘটনায় উদ্বিগ্ন জেলা পুলিশ। এসব কারণে পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর তার অধীন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ছিনতাইকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, মাদক ব্যবসা কোনোটাই বাদ নেই। বগুড়ায় বিদেশি পর্যটক এসেও ছিনতাইকারীর কবলে পড়ে তাঁর পাসপোর্ট, ক্রেডিট কার্ড হারিয়েছেন। অবশ্য পুলিশ দুই দিন পর এসব উদ্ধার করলেও অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় কোনো মালামাল উদ্ধার বা ছিনতাইকারী গ্রেপ্তার হয়নি।অপরাধ বেড়ে যাওয়ার কারণে সদর থানা পুলিশ বোরখা পরে অপরাধীদের ধরার জন্য মাঠে নামে। কিন্তু অপরাধীরা এসব অভিযান তোয়াক্কা না করে একের পর অপরাধ করে যাচ্ছে। গত মঙ্গলবার শহরের রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হয়েছে সরকারি আযিযুল হক কলেজের অনার্স মনোবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান। একই দিন শেরপুরের বড়াইদহ গ্রামে অপহূত দুই ব্যক্তির মুক্তিপণ না দেওয়ায় তাঁদের হত্যা করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এঁরা হলেন রেজাউল করিম (৩০) ও রেজা (১৭)। তাঁদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। ১২ দিন পর তাঁদের লাশ পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত পুলিশি পাহারা থাকা অবস্থায় বগুড়া জেলা প্রশাসকের বাসভবনে হানা দিয়ে দুটি মোটর পাম্প নিয়ে যায়। সর্বশেষ গত শুক্রবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকার আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শেষ বর্ষের ছাত্র আল মোমিন (২৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত মোমিন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁরা হাসপাতালের সামনে কথা বলার সময় ছিনতাকারীদের কবলে পড়েন। এতে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায় এবং মোমিন মারা যান। এসব ঘটনায় পুলিশ কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। এলাকা ঘুরে জানা গেছে, প্রতি রাতেই শহরের বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই হচ্ছে। বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনায় থানা পর্যন্ত আসে না। গত দুই সপ্তাহের ঘটনায় শহরে অর্ধশত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা চাকরিজীবী ইসমাইল হোসেন বলেন, বগুড়া শহরে মাদক হেরোইনের ব্যবসা বেড়ে যাওয়ার কারণে অপরাধ বাড়ছে। কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কিছু যুবক পুলিশের সহযোগিতায় এসব মাদক নিয়ে আসছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘আমরা চেষ্টা করছি অপরাধীদের ধরতে। কিন্তু অপরাধীরা বিভিন্ন কৌশল নিয়ে এসব কাজ করছে।’ এমন পরিস্থিতিতে গত শনিবার বগুড়ার পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর পুলিশ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।পুলিশ সুপার জানান, বৈঠকে তিনি পুলিশ কর্মকর্তাদের রাতে ছিনতাইকারীদের ছিনতাই করতে দেখলে গুলি করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অপরাধ দমনে রাতের টহল ও চেকপোস্ট বাড়িয়ে তল্লাশির কথা বলা হয়েছে।