বগুড়ায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান (৪৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বুজরুক বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আবদুস সোবহানের ওপর হামলা করে। পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ গতকাল শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোবহান বুজরুক গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে আবদুস সোবহান বুজরুক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।