বগুড়ায় ছুরিকাঘাতে চটপটি বিক্রেতা খুন
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুর রহিম (১৮) নামের এক চটপটিবিক্রেতা খুন হয়েছেন। তিনি শহরের মালতিনগর এলাকার দিনমজুর বাবু প্রামাণিকের ছেলে।বগুড়া সদর থানার পুলিশ জানায়, আবদুর রহিম শহরের জলেশ্বরীতলা এলাকায় ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের ফুটপাতে চটপটি বিক্রি করতেন। প্রতিদিনের মতো চটপটি বিক্রি শেষে একই এলাকার খাজা মিয়া নামের অপর এক চটপটি বিক্রেতার সঙ্গে রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় আশাকুঞ্জ নামের একটি বাসার সামনে এলে ওতপেতে থাকা চার যুবক আবদুর রহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রহিমকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রহিমের বাবা ওই রাতেই মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ২৪-২৫ দিন আগে কয়েকজন অজ্ঞাত যুবক ফুটপাত থেকে আবদুর রহিমের চটপটির দোকান সরিয়ে নিতে বলে। এ নিয়ে রহিমের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এরই জেরে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।