বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগের কর্মী খুন
বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মামুন নামের এক যুবক খুন হয়েছেন। তাঁর বাড়ি সূত্রাপুর এলাকায়। তিনি শহর যুবলীগের কর্মী।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মামুন সন্ধ্যা সাতটার দিকে সূত্রাপুর সেন্ট্রাল উচ্চবিদ্যালয় মাঠে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিয়ে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণ পর মামুনের মৃত্যু হয়। মামুনের চিকিৎসায় অবহেলা করা হয়েছে—এমন অভিযোগ এনে ক্ষুব্ধ একদল যুবক জরুরি বিভাগের জানালা ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক প্রথম আলোকে জানান, সেউজগাড়ী এলাকার কতিপয় যুবকের সঙ্গে নিহত মামুনের দ্বন্দ্ব চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, নিহত মামুন শহর যুবলীগের কর্মী।