জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়ায় বিভিন্ন স্থানে সহিংসতা এবং উপজেলা নির্বাচন কার্যালয় ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের বাসভবনে অগ্নিসংযোগ, রেলস্টেশনে হামলা এবং যুবদলের নেতা ইউসুফ হত্যার ঘটনায় এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৮ দলের ১১৩ নেতা-কর্মীর নামে ও অজ্ঞাত আরও এক হাজার ৮৭০ জনকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর সোমবার রাত আটটার দিকে পৌর শহরে ১৮ দলের মিছিল বের হলে সাত মাথায় এবং থানা মোড়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণে একজন অতিরিক্ত পুলিশ সুপার আহত হন। সাত মাথায় সংঘর্ষের ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) কালাচাঁদ ঘোষ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ ছাড়া থানা মোড়ে সংঘর্ষ এবং সদর থানা পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে একই ধারায় এসআই আসলাম হোসেন বাদী হয়ে ৫০ জনের নামসহ অজ্ঞাত আরও ৬০০ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা করেন।
একই দিন রাত ১০টার দিকে আজিজুল হক কলেজের অধ্যক্ষের সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন। গত মঙ্গলবার দুপুরে শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাত সাত থেকে আটজনের বিরুদ্ধে মামলা করেন।
ওই দিন বিকেলে শহরের বনানী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলের নেতা ইউসুফ নিহত হওয়ার ঘটনায় শাজাহানপুর থানায় অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলস্টেশনের মাস্টার অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছেন।