বগুড়ায় জমি নিয়ে বিরোধে একজন খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় নুরু মোল্লাকে বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলে ইউনুস মোল্লা ও ইমরান মোল্লা আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌর এলাকার বাগবেড় গ্রামের মুস্তাফিজুর রহমানের সঙ্গে তারাজুল মণ্ডলের জমি নিয়ে বিরোধ ছিল। মুস্তাফিজুর রহমান নুরু মোল্লাকে ওই জমি দেখাশোনা করতে দেন। ওই জমিতে মুস্তাফিজুর রহমানের লোকজন গতকাল বালু রাখতে গেলে তারাজুল মণ্ডলের লোকজন বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুরু মোল্লাকে ছুরিকাঘাত করে। এ সময় বাবাকে বাঁচাতে এলে প্রতিপক্ষের লোকজন নুরু মোল্লার দুই ছেলে ইউনুস ও ইমরানকেও ছুরিকাঘাত করে। তাঁদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরু মোল্লাকে মৃত ঘোষণা করেন।