বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আশীষ কুমার রায় হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী মিতা রায় গত বুধবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা করেছেন।মামলার আসামিরা হলেন: বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জামায়াতের রোকন ও জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক এরশাদুল বারী, মালগ্রাম এলাকার রতন, রাকিব, রব্বানী, রাশেদ ও রমজান আলী।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান গতকাল জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুর রহমান। শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়কে গত বুধবার হত্যা করে সন্ত্রাসীরা।