বগুড়ায় জামায়াত প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ১৯ দলের অন্যতম শরিক জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। গতকাল সোমবার বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলন থেকে জেলার ১২টি উপজেলার মধ্যে নয়টির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোট সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়।
এতে পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি এবং চারটিতে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেওয়া হয়েছে। অবশিষ্ট তিন উপজেলার প্রার্থীদের নাম শিগগির ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সমেঞ্চলনে জানানো হয়। এর আগে গত শনিবার আওয়ামী লীগ তাদের দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে।
বিএনপির দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে প্রার্থী দিতে কয়েক দিন ধরেই দলটির স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছিল। গতকাল বিকেলের সংবাদ সমেঞ্চলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হুসাইন, ইসলামী ঐক্যজোটের সভাপতি শামসুল হক, এলডিপির সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় জোট সমর্থিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর শাহে আলম, সোনাতলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব, ধুনটে উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম, সারিয়াকান্দিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মন্ডল ও আদমদীঘিতে আবদুল মোহিত তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এ ছাড়া শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, কাহালুতে উপজেলা জামায়াতের আমির ও বর্তমান চেয়ারম্যান তায়েব আলী, নন্দীগ্রামে উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল এবং দুপচাঁচিয়ায় উপজেলা জামায়াতের আমির আবদুল গনি মন্ডলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশেই জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার এবং সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে গত শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের এক সভা শেষে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।