প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় জামায়াতে ইসলামী ও শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের নবাববাড়ী সড়কে জামায়াতের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতাদের নামে পুলিশের অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে মিছিল বের করে ছাত্রশিবির। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিল করতে বাধা দেয়। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন।