বগুড়া ও বরিশালে জামায়াতের চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বগুড়ায় তাণ্ডব ও নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতা ও বরিশালে নাশকতার আশঙ্কায় মহানগর জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফ, দুপচাঁচিয়া উপজেলার পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সাজাহান তালুকদার এবং বরিশালে মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসাইন ওরফে হেলাল।

বগুড়া

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, গত বছর বগুড়ায় তাণ্ডব ও নাশকতার মামলার আসামিদের গ্রেপ্তারে গতকাল রাতে অভিযান চালানো হয়। রাত নয়টার দিকে এই মামলাসহ সাত মামলার আসামি সাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফকে গ্রেপ্তার করা হয়।

এসপি জানান, প্রায় একই সময়ে দুপচাঁচিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সাজাহান তালুকদারকে। এঁদের মধ্যে সাজাহান তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা ও এমদাদুল হকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বরিশাল

গতকাল রাত সাড়ে ১০টায় নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসাইন ওরফে হেলালকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, সারা দেশে গুম, খুন, অপহরণ ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে নগরে জমায়াতের ডাকা আজকের (বুধবার) কর্মসূচিতে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করে পুলিশ। এ কারণে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে নগর জামায়াতের আমির মুয়াযযম মোহাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মূলত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জামায়াত নতুন কৌশল নিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।