বগুড়ায় জামায়াতের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর থানায় গত মঙ্গলবার ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামায়াতের সহকারী সম্পাদক আবিদুর রহমান এবং শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আলাউদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে মামলায় আসামি করা হয়। আসামিরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণে তিনজন আহত হয়। থানায় ককটেল ফাটানোর জন্য পুলিশ শিবিরকে দায়ী করেছে। তবে শিবিরের নেতারা পুলিশের অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের জামিলনগরে শিবিরের নেতা-কর্মীরা থাকেন—এমন সব ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। এর পরই থানায় এই ককটেল হামলা চালানো হয়। এদিকে মঙ্গলবার রাতে শিবিরের নেতা-কর্মীরা শহরের সাতমাথায় মিছিল বের করেন। সেখানে মিছিল থেকে তিনটি ককটেল ফাটানো হয়। এ সময় মিছিলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন পুলিশের সার্জেন্ট নাহিদ পারভেজ চৌধুরী। শিবিরের কর্মীরা তাঁর ওপর হামলা চালালে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। তবে শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান পুলিশ কর্মকর্তার
ওপর হামলার বিষয়টি আস্বীকার করেন।
যোগাযোগ করা হলে সার্জেন্ট নাহিদ বলেন, শিবিরের কর্মীরা তাঁর ওপর হামলার চেষ্টা করেছিলেন। তবে এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ দেননি।