বগুড়ায় জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে বগুড়ার নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানের রাজনৈতিক অস্থিরতা না থাকলে এবার শিক্ষার্থীরা আরও ভালো করতে পারত বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা জানিয়েছেন।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছিল ২৫৮ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। গত বছর এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল ২২৫ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ২৬৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। গত বছর ২৫৩ জনের মধ্যে ২০৩ জন জিপিএ-৫ পেয়েছিল। বগুড়া জিলা স্কুল থেকে এ বছর ২৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। গত বছর এখান থেকে জিপিএ-৫ পেয়েছিল ২৩০ জন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৯৫ পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর ২৫০ জনের মধ্যে ১৯৯ জন পেয়েছিল। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৩০ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৯ জন। এখান থেকে গত বছর কতজন জিপিএ-৫ পেয়েছিল, তাৎক্ষণিকভাবে সে পরিসংখ্যান পাওয়া যায়নি।
বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, পিএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা যাতায়াতসহ নানা সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই জিপিএ-৫ পেত বলে তিনি দাবি করেন।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ জানান, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শিক্ষার্থীরা এবার ভালো ফল করেছে। গত বছরের তুলনায় এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।