বগুড়ায় জেএমবির বোমা প্রশিক্ষক হান্নান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ও বোমা প্রশিক্ষক মো. আবদুল হান্নানকে (৩২) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আবদুল হান্নান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা।বগুড়ার শেরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সোয়া ১০টার দিকে শেরপুর উপজেলার বেলঘরিয়া বাজারের লোকজনের মধ্যে জিহাদি বই বিতরণের সময় সিরাজগঞ্জ জেলার র্যাব-১২-এর সদস্যরা আবদুল হান্নানকে গ্রেপ্তার করেন। এ সময় জেএমবির অন্য দুই সদস্য পালিয়ে যান। র্যাবের সদস্যরা বৃহস্পতিবার রাতে আবদুল হান্নানকে শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে মামলা করেন। মামলার এজাহারে হান্নানকে জেএমবির সক্রিয় সদস্য ও বোমা প্রশিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, জেএমবির সদস্য হান্নানকে গতকাল আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই মিজানুর রহমান জানান, হান্নান বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি মাদ্রাসা থেকে ১৯৯৮ সালে ফাজিল পাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁর ভাই আবদুল মান্নানও জেএমবির সঙ্গে জড়িত ছিলেন। বিচারে তাঁর সাজা হয়েছে। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।