বগুড়ায় জেএমবির ৫ জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলার ঘটনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বগুড়ার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার এ রায় দেন।সাজা পাওয়া জঙ্গিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামা মুশারিভুজা গ্রামের ওয়ালিউল্লাহ ওরফে আবদুল হামিদ (২৬), নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুর পূর্বপাড়া গ্রামের গোলাম কিবরিয়া ওরফে ইউসুফ (২৯), গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোলা গ্রামের মামুনুর রশিদ (৩২), বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের আবদুর রাজ্জাক (২৯) এবং বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (২৬)। এঁদের মধ্যে গোলাম কিবরিয়া পলাতক রয়েছেন।আদালত সূত্রে জানা যায়, জেএমবির জঙ্গিরা ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও ধারাবাহিক বোমা হামলা চালায়। ওই দিন বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে বগুড়া শহরের ১৩টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে। একপর্যায়ে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। তদন্ত শেষে ডিবির তৎকালীন পরিদর্শক মতিয়ার রহমান জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান, দ্বিতীয় প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ সাতজনের বিরুদ্ধে ওই বছরের (২০০৫) ৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। অপর একটি মামলায় জেএমবির দুই শীর্ষনেতার ফাঁসি হওয়ার পর তাঁদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়। ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিনই বগুড়ার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ১০ আগস্ট রায় ঘোষণার তারিখ ধার্য করেন।