বগুড়ায় ঝুঁকিহ্রাস প্রকল্পের ঋণ আদায় অনিশ্চিত
বগুড়ায় চারদলীয় জোট সরকারের সময়ে ঝুঁকিহ্রাস প্রকল্পের অধীনে বিতরণ করা কয়েক কোটি টাকার ঋণ আদায় করা যাচ্ছে না। ওই ঋণ ফেরত দেওয়ার জন্য সরকার সার্টিফিকেট মামলা করার নির্দেশ দিলেও তা পালন করা হচ্ছে না। এতে ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষুদ্র ব্যবসা ও পশুপালন করে ক্ষতি কাটিয়ে উঠতে দুর্যোগ ঝুঁকিহ্রাস নামে প্রকল্পটি চারদলীয় জোট সরকারের সময়ে হাতে নেওয়া হয়। তখন রাজনৈতিক বিবেচনায় এই ঋণ বিতরণ করার কারণে টাকা আদায় হয়নি। তৎকালীন রাজনৈতিক দলের অধিকাংশ নেতা-কর্মীর নামে এসব ঋণ বিতরণ করা হয়েছিল। ২০০৪-০৫ অর্থবছরে জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট ও গাবতলী উপজেলায় দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে প্রায় দেড় কোটি টাকাই তৎকালীন স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বছর মেয়াদি এই ঋণের টাকা ঋণগ্রহীতারা দুই বছরেও পরিশোধ করতে পারেননি। তার পরও পরের অর্থবছরে জেলার আরও সাতটি উপজেলার জন্য তিন কোটি টাকা দেওয়া হয়। বরাদ্দ দেওয়া এই পাঁচ কোটি টাকার মধ্যে চার কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির ঋণ লেনদেন হতাশাব্যঞ্জক হওয়ায় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর প্রকল্পের সমুদয় টাকা সুদ-আসলে ফেরত চেয়েছে। ইতিমধ্যে বিতরণ না করা ৫৫ লাখ টাকা সংশ্লিষ্ট অধিদপ্তরে ফেরত দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়ার জেলা প্রশাসক ২১ জুলাই সব উপজেলায় চিঠি দিয়ে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু চলতি মাসের ১৫ নভেম্বর পর্যন্ত ওই মামলা হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাকি বলেন, যাঁরা ঋণের টাকা পরিশোধ করছেন না, তাঁদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো তা কার্যকর হয়নি। আগামী মাসে হবে।