বগুড়ায় টাকার জন্য ভ্যানচালককে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় এমরান হোসেন ওরফে টুটুল (১৬) নামের এক ভ্যানচালককে হত্যার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাকার প্রয়োজনে ওই ভ্যানচালককে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি সেলিম রেজা (২৫)। তাঁর বাড়ি উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে।

থানা চত্বরে সাংবাদিকদের উপস্থিতিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ভ্যানচালক এমরান হোসেনের হত্যার প্রকৃত ঘটনা তুলে ধরেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ঢাকার সাভার থেকে সেলিম রেজাকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর গতকাল রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সুঘাট ইউনিয়নের সবুজ শেখ (৩৬) ও বগুড়ার ধুনট থানার নাগেশ্বরগাতী গ্রামের মাজেম আলী সরকার (৪৫)। তাঁদের দুজনের তথ্যমতে পুলিশ ভ্যানচালক এমরান হোসেনের গাড়িটি উদ্ধার করে।

এমরান হোসেন সিরাজগঞ্জের কাজীপুর থানার পাঁচগাছি গ্রামের আবদুল হান্নানের ছেলে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় তাঁকে। ২ জুন শেরপুরের খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে এদিন বিকেল সাড়ে পাঁচটায় তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এরপর এদিন থানায় এমরান হোসেনের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, গ্রেপ্তারের পর সেলিম রেজা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাঁর কিছু টাকা ঋণ ছিল। এই ঋণের টাকা শোধ করতে তিনি এমরানকে পরিকল্পিতভাবে হত্যা করে এমরানের ভ্যানগাড়ি সবুজ মিয়ার কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন। এরপর সবুজ মিয়া পরবর্তী সময়ে মাজেম আলী সরকারের কাছে এই গাড়ি বিক্রি করে দেন।

জিজ্ঞাসাবাদে সেলিম রেজা আরও বলেন, নিহত ভ্যানচালককের সঙ্গে তাঁর (সেলিম রেজা) পূর্বপরিচয় ছিল। আগে থেকে এমরান গাম–আঠার নেশা করত, এ কথা সে জানত। পরিচয়ের সূত্রে ১ জুন সেলিম ৩০০ টাকায় ভাড়া নেন এমরানের গাড়ি। এদিন সিরাজগঞ্জের কাজীপুর থানার পাঁচগাছি থেকে এমরান তাঁর গাড়িতে সেলিম রেজাকে তুলে শেরপুরে আসেন। পরে সন্ধ্যায় এমরানকে কৌশলে গাম–আঠা নেশা করিয়ে একটি বাঁশঝাড়ের মধ্যে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। হত্যার পর গাড়ি বিক্রির টাকা নিয়ে ঢাকায় ও পরে সাভারে পাড়ি দেন।

সন্দেহভাজন হিসেবে এই মামলায় গত ২৪ মে সিরাজগঞ্জের পাঁচগাছি গ্রামের চান মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়েছিল।

আজ দুপুরে থানা–পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পর থানা চত্বরে দেখা হয় সবুজ মিয়ার বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, তাঁর ছেলে পুরাতন ভ্যানগাড়ি কেনাবেচা করেন। এ কারণে ওই গাড়ি কিনেছিলেন। পরে আবার বেশি দাম পাওয়ায় গাড়িটি বিক্রি করে দিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এই হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত চলছে। কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।