বগুড়ায় টার্মিনাল ইজারা নিয়ে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ট্রাক টার্মিনালের ইজারা নিয়ে বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাক, পিকআপ ও ভটভটি থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। ইজারা পাওয়া তিস্তা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে।জেলা পুলিশ সুপার ও আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি ওই চাঁদাবাজির কথা শুনেছেন বলে জানালেও তা বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেননি।ট্রাক ও ভটভটিচালকেরা অভিযোগ করেন, কয়েক দিন ধরে একদল যুবক দ্বিতীয় বাইপাস, বনানী বেতগাড়ি, গোদারপাড়া, শাকপালা মোড়ে লাঠি হাতে নিয়ে ট্রাক, পিকআপ, শ্যালোচালিত ভটভটি থামিয়ে ৩০ থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করছেন। বেপরোয়া চাঁদাবাজিতে এসব যানবাহনের চালক ও মালিকেরা অতিষ্ঠ। সরেজমিনে দেখা যায়, গতকাল রোববার সকালে দ্বিতীয় বাইপাস সড়কে লাঠি হাতে ও হলুদ রঙের হাতাকাটা জামা পরে নয়-দশজন যুবক ট্রাক, পিকআপ ও ভটভটি থামিয়ে চালকদের রসিদ ধরিয়ে দিয়ে টাকা নিচ্ছেন। চালকদের বলা হচ্ছে, সরকার থেকে এই টাকা ধার্য করা হয়েছে। আর তাঁরা এই টাকা তোলার ইজারা নিয়েছেন।করিম নামের এক আদায়কারী জানান, ওই ইজারাদার প্রতিষ্ঠান তাঁদের এই কাজের দায়িত্ব দিয়েছে।ট্রাকচালক অসীম কুমার জানান, শনিবার এই স্থানে তাঁকে ৪০ টাকা চাঁদা দিতে হয়েছে। গতকাল রোববার আবারও ৩০ টাকা দিতে হয়েছে। তিনি রসিদ দেখিয়ে বলেন, ‘এই দেখেন কত টাকা নিয়েছে।’ রসিদে লেখা—স্থানীয় মন্ত্রণালয়, বগুড়া জেলা পরিষদ ও জেলা ট্রাক মালিক সমিতি অনুমোদিত ইজারাদার-মেসার্স তিস্তা এন্টারপ্রাইজ। দুপুর ১২টায় বগুড়া-ঢাকা মহাসড়কের শহরতলি বনানী বেতগাড়িতে দ্বিতীয় বাইপাসের সংযোগস্থলে আরিফ, বেলাল ও মিঠু নামে তিন যুবক লাল ঝান্ডা নিয়ে একবার সড়কের এই পাশ আবার ওই পাশে গিয়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছেন। ওই তিনজন জানান, তাঁরা সারা দিন কাজ করার পর জনপ্রতি ২০০ টাকা করে পান। কিসের চাঁদা তুলছেন, তা তাঁরা জানেন না।বগুড়া আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘শুনেছি জেলা ট্রাক টার্মিনালের নামে এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু ট্রাক টার্মিনালের টাকা টার্মিনালেই নিতে হবে। কোনো সড়কে কেউ এভাবে টাকা তুলতে পারে না।’ এ ব্যাপারে তিনি বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছেন। কিন্তু তিনি ছুটিতে থাকায় অভিযোগটি পড়ে রয়েছে। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মলয় কুমার রায় বলেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও টাকা আদায় করা হবে অবৈধ।তিস্তা এন্টারপ্রাইজের পরিচালক মতিউর রহমান বলেন, তাঁরা নিয়ম মেনেই টাকা আদায় করছেন। ট্রাক টার্মিনালের টাকা সড়কের বিভিন্ন স্থান থেকে আদায় করা ঠিক কি না, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, এভাবে কেউ চাঁদা আদায় করে থাকলে তা মেনে নেওয়া হবে না। সড়কে কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। তিনি তাৎক্ষণিক বিষয়টি দেখবেন বলে জানান। দুপুর ১২টায় তাঁর সঙ্গে কথা বলার পর পরই বগুড়া সদর থানা পুলিশ ট্রাক থেকে চাঁদা আদায়কালে সাবগ্রাম বাইপাস থেকে পাঁচজনকে আটক করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছকির উদ্দিন বলেন, পুলিশ সুপারের নির্দেশে পাঁচজনকে আটক করে আনা হয়েছে। তাঁদের কাগজপত্র দেখা হচ্ছে।