বগুড়ায় টিসিবির কার্যক্রম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকার্যকর হয়ে পড়েছে বগুড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম। জেলার ১২টি উপজেলায় ৭২ জন ডিলারের মধ্যে অধিকাংশ ডিলার তাঁদের নামে বরাদ্দকৃত মালামাল উত্তোলন করেননি। এতে কম দামে পণ্য কিনতে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ডিলারদের অভিযোগ, গুণগত মান খারাপ হওয়ায় তাঁরা পণ্য তোলেননি।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭২ জনের মধ্যে বগুড়া সদরে নয়জন, দুপচাঁচিয়ায় ১৫ জন, শিবগঞ্জে আটজন ও শেরপুর উপজেলায় ১৬ জন ডিলার রয়েছেন। এ ছাড়া অন্য সব উপজেলায়ও এক থেকে পাঁচজন করে ডিলার রয়েছেন। রমজানের শুরুতে সারা দেশে টিসিবির কার্যক্রম শুরু হলেও বগুড়ায় কোনো কার্যক্রম নেই।জেলা প্রশাসকের ব্যবসা-বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, উপজেলা থেকে যে তথ্য এসেছে, তাতে বেশির ভাগ ডিলার মালামাল উত্তোলন করেননি। তিনি বলেন, জেলার ৭২ জন ডিলারের মধ্যে এই চিঠি দেওয়ার আগেই ১২ জন ডিলারকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। দুপচাঁচিয়ার ছয়জন ও শেরপুরে ছয়জন ডিলারের মধ্যে মাত্র একজন জবাব দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধুনটের ডিলার শামীম আহমেদ ও মিন্টু মিয়া জানান, টিসিবির এসব পণ্যের মান এবার ভালো না হওয়ায় তাঁরাসহ অন্যরা মাল তোলেননি। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, এসব দেখাশোনা করার কথা টিসিবির। তার পরও বিষয়টি জেলা প্রশাসন থেকে মনিটরিং করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ ব্যাপারে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের তথ্য পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।