বগুড়ায় টিসিবির পণ্য পাচ্ছেন না ভোক্তারা
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে বগুড়ায় টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিপণন ও বিক্রির জন্য ৭৪ জন অনুমোদিত ডিলার দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ডিলারের কাছেই টিসিবির পণ্য মিলছে না।
বগুড়া জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এনডিসি মো. কামরুজ্জামান বলেন, প্রত্যেক ডিলারের নামে দেড় হাজার থেকে দুই হাজার কেজি করে চিনি, সয়াবিন, খেজুর ও ছোলা বরাদ্দ দেওয়া হয়েছে। মসুর বরাদ্দ দেওয়া হয়েছে ১৫০ কেজি করে। বৃহস্পতিবার টিসিবি থেকে পাঠানো বরাদ্দের চিঠি জেলা প্রশাসনে এসে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কতজন ডিলার তাঁদের বরাদ্দের পণ্য তুলে নিয়েছেন, সে তথ্য তাঁদের কাছে নেই।
টিসিবির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বগুড়ার ৭৪ জন ডিলারের নামেই টিসিবির পণ্য বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত নয়জন পণ্য তুলেছেন। অন্যদের ২৫ জুনের মধ্যে বরাদ্দ তুলে নিতে বলা হয়েছে। তিনি বলেন, কোনো ডিলার পরপর তিন দফা বরাদ্দ না তুললে তাঁর লাইসেন্স বাতিলের বিধান রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টিসিবি থেকে নয়জন ডিলার বরাদ্দের পণ্য উত্তোলন করলেও বৃহস্পতিবার পর্যন্ত দু-একজন ছাড়া অন্যরা পণ্য বিক্রি শুরু করেননি। কয়েকজন ডিলার পণ্য বিক্রির কথা দাবি করলেও সরেজমিনে প্রমাণ মেলেনি।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান বলেন, উপজেলায় নয়জন ডিলারের মধ্যে এখন পর্যন্ত শহরের টিএমএসএস মার্কেটের মেসার্স ববিতা রানী বর্মণ ট্রেডার্সের নামে টিসিবির পণ্য তোলা হয়েছে। তবে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই মার্কেটে গিয়ে টিসিবির পণ্য বিক্রির কোনো ব্যানার চোখে পড়েনি।
শেরপুর উপজেলায় মেসার্স গালিব ট্রেডার্স, অন্তরা ভ্যারাইটি স্টোর ও শিবলী সিজান ট্রেডার্স টিসিবির পণ্য তুললেও সরেজমিনে কোথাও টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়নি। তবে শিবলী সিজান ট্রেডার্সের ডিলার রফিকুল ইসলাম দাবি করেন, শেরপুরের হাটখোলা এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
টিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার সাতজন ডিলারের মধ্যে চারজনই তাঁদের পণ্য তুলেছেন। মোকামতলা বন্দরের মেসার্স বাবু ট্রেডার্স টিসিবির বরাদ্দ তুললেও বৃহস্পতিবার পর্যন্ত পণ্য বিক্রি শুরু করেনি। যোগাযোগ করা হলে ডিলার আহসান হাবিব বলেন, দুই দিন আগে বরাদ্দ তুললেও ব্যস্ততার কারণে পণ্য বিক্রি শুরু করা যায়নি। শনিবার থেকে পণ্য বিক্রি করা হবে।
নন্দীগ্রামের ইউএনও আনোয়ার ইমাম বলেন, উপজেলায় আটজন ডিলারের সবাই তাঁদের লাইসেন্স বাতিলের জন্য বলেছেন। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে।