বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইটবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে বগুড়ার শহরের উপকণ্ঠ বনানী লিচুতলার অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক গাবতলী উপজেলার বাবুপুকুর গ্রামের বাসিন্দা সুলতান আহম্মেদ (৪২) ও অটোরিকশার যাত্রী শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দ গ্রামের কমরউদ্দিন। সুলতান শহরতলির হরিগাড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে শহরে অটোরিকশা চালাতেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ইটবাহী ট্রাক এবং যাত্রীবাহী অটোরিকশা দুটোই মাদলা থেকে বনানী বাজারের দিকে আসছিল। এ সময় চলন্ত ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কমরউদ্দিন নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ দ্রুত সেখানে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। আহত অটোরিকশাচালক সুলতানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।