বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
২৪ ঘণ্টার ব্যবধানে বগুড়া শাজাহানপুর উপজেলায় বৃহস্পতিবার বিকেলে আবারও সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেল। এবার ট্রাকের সঙ্গে সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর দুই নারী। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পরিবারকল্যাণ সহকারী শরীফা আকতার (৩৪), বগুড়া শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং থ্রি-হুইলার অটোরিকশাচালক আবুল কালাম আজাদ (৪০), অটোরিকশার যাত্রী ও বগুড়ার শেরপুর উপজেলার নয়মাইল গ্রামের সাইফুল ইসলাম (৩৫)। আহত তিনজনের মধ্যে জুঁই আকতার ও সোনা বানু শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বুধবার একই মহাসড়কের শাজাহানপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হন।
বৃহস্পতিবারের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী আমজাদ হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মহাসড়ক হয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বগুড়ার দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি খালি ট্রাক। ট্রাকটি বগুড়া অভিমুখী যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করতে গেলে একই সঙ্গে যাত্রীবাহী অটোরিকশা ও ব্যাটারিচালিত একটি অটোভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এতে অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শরীফা, কালাম ও সাইফুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির (সিলিমপুর) উপপরিদর্শক শাহ আলম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের লাশ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আহত ব্যক্তিদের অবস্থাও ভালো নয়।
শাহ আলম আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক বগুড়া সদরের শাখারিয়ার ফারুক হোসেনকে (৩২) পুলিশ আটক করেছে।
এদিকে বুধবার রাতে একই মহাসড়কের সাজাপুর এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কলেজছাত্র রকিবুল ইসলাম রকিকে (১৮) ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে মারা গেছেন। একই ঘটনায় রকির বন্ধু মেহেদী হাসানকে (১৯) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত নয়টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রকিবুল ইসলাম শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের মঞ্জুর রহমানের এবং মেহেদী তালপুকুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তাঁদের দুজনেরই এ বছর উপজেলার ডেমাজানি কমর উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।