বগুড়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নববধূসহ ছয়জন নিহত
বগুড়া-জয়পুরহাট মহাসড়কের শিবগঞ্জের গুপিনাথপুরে গতকাল বুধবার রাতে একটি ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে নববধূসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন নববধূ সোনিয়া বেগম এবং তাঁর আত্মীয় হান্নান মিয়া, আলমগীর হোসেন, ধলু মিয়া, শ্যামলী খাতুন ও মমতা খাতুন। তাঁদের বাড়ি উপজেলার কিচক ইউনিয়নের খরপা গ্রামে। আহত হয়েছেন গৃহবধূর বাবাসহ আটজন।জানা যায়, তিন দিন আগে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের জাবারিপুর গ্রামে সোনিয়ার বিয়ে হয়। বৌ-ভাতের অনুষ্ঠান শেষে সোনিয়াকে নিয়ে তাঁর বাবা নিজ বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার দিকে সড়কের গুপিনাথপুর এলাকায় বগুড়াগামী আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সোনিয়া ও তাঁর আত্মীয়স্বজনদের বহনকারী ভটভটিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ছয়জন মারা যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।