বগুড়ায় ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে। বগুড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ডায়াবেটিস সচেতনতা দিবস। এ দিবস উপলক্ষেই বগুড়া ডায়াবেটিক সমিতি এসব কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা হয়েছে। এ ছাড়া আলোচনা সভা, সেমিনার ও বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়েছে।জানা গেছে, ১৯৮৩ সালে জাতীয় অধ্যাপক মো. ইব্রাহিমের অনুপ্রেরণায় কিছু বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে বগুড়া ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করা হয়। ২০০৩ সালে শহরের নবাববাড়ি সড়কে সমিতির প্রচেষ্টায় ৩০ শয্যার একটি অলাভজনক হাসপাতাল করা হয়। এই হাসপাতালে বগুড়াসহ আশপাশের জেলাগুলোর সব শ্রেণীর মানুষ চিকিৎসা নেওয়া শুরু করে। ২০০৬ সালে নেদারল্যান্ডস-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ও বগুড়া ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। নবাববাড়ি সড়কে একটি চারতলা ভবনে এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়। ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, এই হাসপাতালে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৫ জন চিকিৎসা কর্মকর্তাসহ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী আছেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৪০০ রোগী চিকিৎসা নেন। এঁদের অধিকাংশই ডায়াবেটিসের রোগী। বগুড়া ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ডায়াবেটিসের রোগী ছিল ৬৩ হাজার ৫৮৮ জন। ২০১১ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার। বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, ২০০৬ সাল থেকে প্রতিবছর ডায়াবেটিসের রোগীর সংখ্যা ২০ হাজার করে বাড়ছে। যারা পরীক্ষা করতে এখানে আসছে, তাদের হিসাব এখানে রয়েছে। কিন্তু এর বাইরেও অনেক রোগী আছে। এদের হিসাব করা হলে রোগীর সংখ্যা আরও বাড়বে।