বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে যানজট
টানা চার দিনের অবরোধ শেষে অতিরিক্ত যানবাহনের চাপে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল নয়টা থেকে মহাস্থান বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়। তবে বেলা একটার দিকে ধীরগতিতে যানচলাচল শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক জানান, যানবাহনে চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাসড়কসংলগ্ন দেশের অন্যতম সবজির পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান বাজারে সবজির আমদানি মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে সকাল নয়টা থেকে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বাজারে আসা সবজিবোঝাই শত শত ভটভটি-ভ্যানের দখলে মহাসড়ক। এতে রংপুরগামী এবং ঢাকামুখী কোনো যানবাহনই মহাস্থান বাজার পারাপার হতে পারছে না। মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকায় আটকে পড়েছে কয়েক শ যানবাহন।
যানজটে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশাচালক তুহিন মিয়া জানান, চার দিনের অবরোধে কামাই-রোজগার বন্ধ ছিল। খ্যাপ মারার জন্য ভোরে তিনি জয়পুরহাটের কালাই থেকে বগুড়ায় এসেছিলেন। সকাল নয়টা থেকে যাত্রী নিয়ে তিনি মহাস্থান বাজারের যানজটে আটকা পড়ে আছেন।
হিলি থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্টগ্রামগামী গাড়ির চালক গোলজার হোসেন জানান, সাড়ে নয়টা থেকে তিনি মহাস্থান বাজারের করতোয়া সেতুর উত্তরপাশে যানজটে আটকা পড়ে আছেন। যানজটের কারণে আড়াই ঘণ্টায় গাড়ির চাকা এক হাতও নড়াতে পারেননি তিনি।
হাইওয়ে পশ্চিমাঞ্চল পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, কয়েক দিনের অবরোধ শেষে মহাসড়কে যানবাহনের ঢল নেমেছে। এর সঙ্গে সকাল থেকেই মহাস্থান বাজারে সবজিবোঝাই বহু ভটভটি, অটোরিকশা, টেম্পো ও ভ্যান ঢুকে পড়ায় মহাসড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশের ১২ থেকে ১৫ জন সদস্য মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা চালিয়ে গেলেও সবজির বাজারের কারণে হিমশিম খেতে হচ্ছে।