বগুড়ায় তারেক পরিষদকে বিএনপির উকিল নোটিশ
বগুড়ায় তারেক রহমান পরিষদের আহ্বায়ক ও সদস্যসচিবকে উকিল নোটিশ দিয়েছে জেলা বিএনপি। নোটিশে সাত দিনের মধ্যে এই সংগঠন বিলুপ্ত না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। জেলা বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আতাউর রহমান খান ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক আবদুল বাছেদ গত বুধবার এ নোটিশ দেন। নোটিশে বলা হয়, এই পরিষদ গঠন ষড়যন্ত্রমূলক, অন্যায় ও বেআইনি।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে প্রতীক্ষায় বগুড়াবাসী নামে গত ৪ মে সভা করা হয়। সভায় তারেক মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরে আরেক সভায় সংগঠনের নামকরণ করা হয় তারেক রহমান পরিষদ। ১৫১ সদস্যবিশিষ্ট এই সংগঠনের আহ্বায়ক করা হয়েছে বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান এবং সদস্যসচিব সাবেক বিএনপি নেতা ও বর্তমানে বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলামকে। পরিষদের আহ্বায়ক রেজাউল হাসান বলেন, বগুড়ার উন্নয়নে তারেক রহমানের অবদান অনেক। অথচ দলীয়ভাবে তাঁর দেশে ফিরিয়ে আনা ও সব মামলা প্রত্যহারের দাবিতে বগুড়ায় তেমন জোরালো আন্দোলন হচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন পরিচালনার জন্য এই পরিষদ গঠন করা হয়েছে। উকিল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে তারেক রহমান পরিষদের সদস্যসচিব মাহিদুল ইসলাম বলেন, বগুড়াবাসীর আবেগ, ভালোবাসা ও অনুভূতি থেকেই সংগঠনটির জন্ম হয়েছে। এতে কারও বিচলিত হওয়ার কারণ নেই। এ ধরনের উকিল নোটিশ দেওয়ার এখতিয়ার জেলা বিএনপির নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও দাবি করেন, এটি বিএনপির কোনো কাউন্টার সংগঠন নয়। বগুড়া শহরের রূপকার তারেক রহমান এখন দেশের বাইরে আছেন, তাঁর জন্য একটি আন্দোলনের ক্ষেত্র তৈরি করা। যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁরা তারেক রহমানের নাম ভেঙে চলেছেন বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিকের জানান, তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ কিছু করতে পারবে না। এ ধরনের কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার জন্য তিনি সতর্ক করে দেন।