সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বগুড়া শাখা থেকে ৪০ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বগুড়া সদর থানায় মামলাটি করেন ব্যাংকের বগুড়া শাখার বর্তমান ব্যবস্থাপক শফিকুল ইসলাম।মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন ব্যাংকের বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার এফএভিপি আতিকুল কবির ও বগুড়া শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান। ব্যবসায়ীদের মধ্যে অভিযুক্ত ব্যক্তিরা হলেন পুরান বগুড়ার আকতার হোসেন, একই এলাকার জহুরুল হক, সেউজগাড়ির এনামুল হক, তাঁর স্ত্রী আইরিন হোসাইন, চকসূত্রাপুরের মাকছুদুল আলম, শিববাটির ফিরোজ আহম্মেদ, ইসলামপুর হরিগাড়ির জাহাঙ্গীর আকরাম, নারুলীর ইমরুল হাসান, চকফরিদ কলোনির জাহাদুর রহমান, জলেশ্বরীতলার নিখিল রঞ্জন কর্মকার ও জুলফিকার আলী, সেউজগাড়ির নাহিদুজ্জামান নাহিদ, নুরানী মোড় এলাকার আবদুল মতিন, চট্টগ্রামের হাটহাজারীর আখতার হোসেন, পুরান বগুড়া জিলাদার পাড়ার সোহেল রানা, নুরানী মোড় এলাকার মাহবুবর রহমান, জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর এলাকার রফিকুল ইসলাম সাবু চৌধুরী, বগুড়ার কাজী মুরইল গ্রামের ফেরদৌস আলম, জলেশ্বরীতলার আরিফুল কবির এবং ঢাকার মিরপুরের মাসুদ আহমেদ।সম্প্রতি এই ব্যাংকে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনাটি ঘটে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে বিশাল অঙ্কের টাকা আত্মসাতের প্রমাণ পায়। তার ভিত্তিতেই ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক এই মামলা দায়ের করেন। ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পরও তদন্ত দল তাঁদের কাজ করে যাবে।মামলায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকের অভ্যন্তরীণ ও বিভাগীয় তদন্ত দল ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত হিসাবপত্র পর্যবেক্ষণ করে দেখতে পায়, সংঘবদ্ধ জালিয়াত চক্র বগুড়া শাখার গ্রাহক মেসার্স আবু বকর সিদ্দিক ও মেসার্স আবদুল কুদ্দুস অ্যান্ড ব্রাদার্সের নামে বেআইনি ও অননুমোদিত বিনিয়োগ সুবিধা সৃষ্টি করে ৪০ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকা তাঁদের হিসাবে স্থানান্তর করে পর্যায়ক্রমে আত্মসা ৎ করেছেন। বিপুল অঙ্কের টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাঁরা আত্মগোপন করেন।