বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা পাল্টে ‘ফলাফল জালিয়াত চক্রের’ তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একজনের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পার্ট-৩ পরীক্ষার দুটি খাতা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা তিনজনই নাটোর সিরাজদৌল্লা কলেজের ছাত্র।
ডিবি সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে শহরের অ্যাডওয়ার্ড পার্কে অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার নওদাপাড়া গ্রামের টিপু সুলতানকে (২৫) আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার পশ্চিম নওদাপাড়া থেকে এনামুল হক (২৪) ও লালপুর উপজেলার বেরিলা গ্রামের মো. পলাশকে (২১) আটক করা হয়।
গতকাল সোমবার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সায়ফুজ্জামান ফারুকীর সম্মেলনকক্ষে ওই তিনজকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। সেখানে বলা হয়, টিপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফলাফল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ফলাফল পাল্টে দেওয়ার কথা বলে তিনি বগুড়ার চার ছাত্রের কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। প্রতারণার বিষয়টি পুলিশকে অবহিত করেন শিক্ষার্থীরা। অন্য এক শিক্ষার্থীকে টোপ হিসেবে ব্যবহার করে বগুড়ায় ডেকে এনে টিপুকে আটক করা হয়।