বগুড়ায় তিন ছিনতাইকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ঢাকার আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মোমিনকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এতে তাঁর মৃত্যু হয়েছে। তিন ছিনতাইকারী গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক এই জবানবন্দী দিয়েছে। ২২ জানুয়ারি রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই ঘটনা ঘটে।ডিবি পুলিশ জানায়, ছিনতাইকারী হলেও দুজন কলেজ ও স্কুলের ছাত্র এবং অন্যজন ক্ষৌরকার। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো শহরের লতিফপুর কলোনির মজনু মিয়ার ছেলে সেলুন-শ্রমিক রুবেল মিয়া (২০), বাদুরতলা এলাকার রুনু আহম্মদের ছেলে সরকারি শাহসুলতান কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র সজল আহম্মেদ (১৮) ও জলেশ্বরীতলা এলাকার জহুরুল ইসলামের ছেলে প্রি-ক্যাডেট স্কুলের দশম শ্রেণীর অনিয়মিত ছাত্র রজব আলী (১৭)। এদের গত শনিবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেয়। শুক্রবার রাতে শহরের বাদুরতলা ও ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আদালতে দেওয়া জবানবন্দীতে তারা হত্যা করার কথা স্বীকার করে জানায়, তাদের পাঁচজনের একটি দল রয়েছে। অপর দুই সদস্য হলো মানিক ও আরিফ। তারা গত ২২ জানুয়ারি সন্ধ্যায় পাঁচজনে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। উদ্দেশ্য মহাসড়কে গিয়ে ছিনতাই করা। রাত আটটার দিকে তারা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যায়। সেখানে গেটের সামনে দুই তরুণ-তরুণীকে দেখে এগিয়ে যায়। তরুণীর কাছ থেকে মুঠোফোনসেট ছিনতাই করার সময় মোমিন বাধা দেন। তখন তারা মোমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার দুই দিন পর পত্রিকা পড়ে তারা জানতে পারে, সে দিন যাকে ছুরিকাঘাত করেছিল সেই ব্যক্তি মারা গেছেন।ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান জানান, ছিনতাই হওয়া ফোনসেটের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই করা সেটটি উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি তদন্ত শুরু করেছে। আল মোমিন (২৫) গত ২২ জানুয়ারি রাতে খুন হন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার চকগোপাল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং ঢাকার আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শেষ বর্ষের ছাত্র।