বগুড়ায় তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় পেপার মিলের চেম্বার পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার বারো মাইল এলাকার আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকেরা হলেন হীরা (২৮), আদর আলী (২৩) ও শাহাদত আলী (১৯)। প্রথম দুজনের বাড়ি কাহালু উপজেলায়, শেষের জনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

মিলের কয়েকজন শ্রমিকের ভাষ্য, ঈদের ছুটির পর আজ মিল খুলেছে। বেলা সোয়া ১১টার পর তিন শ্রমিক একে একে মিলের কাগজ গলানো চেম্বার পরিষ্কার করতে নামেন। তাঁরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

মিলের ব্যবস্থাপক মোশতাক আহম্মেদ বলেন, শ্রমিকেরা মাঝে মধ্যে ওই চেম্বার পরিষ্কার করেন। চেম্বারে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গিয়ে আজ তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তিনজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, লাশ তিনটির ময়নাতদন্তের পর মিল মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।