বগুড়ায় তিন হাজার মানুষের জন্য একজন পুলিশ!
বগুড়া জেলায় তিন হাজার মানুষের নিরাপত্তায় গড়ে একজন পুলিশ কাজ করছে। আর বগুড়া শহরের আট লাখ বাসিন্দার জন্য রয়েছে মাত্র ৩০০ পুলিশ। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচি সামাল দেওয়া ও অপরাধ দমনের জন্য পুলিশের পর্যাপ্ত যানবাহন নেই। এ অবস্থায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গত সাড়ে তিন মাসে ৩০টি হামলার ঘটনায় ১৪১ জন পুলিশ আহত হয়েছেন।বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক জানান, বর্তমানে বগুড়া শহরের লোকসংখ্যা ও অপরাধপ্রবণতা মহানগর এলাকার চেয়ে কোনো অংশে কম নয়। যেকোনো মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেখানে তিন হাজার পুলিশ দেওয়া হয়, সেখানে বগুড়া শহরে রয়েছে মাত্র ৩০০ পুলিশ। এ সমস্যা সমাধানে বগুড়া পুলিশকে মহানগর পুলিশে রূপান্তর করা দরকার। মোজাম্মেল হক আরও জানান, জনবল ও সরঞ্জাম-সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেই বর্তমানে পুলিশকে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। গত ৩ মার্চ জেলার ১২টি থানা ও পুলিশ ফাঁড়িতে একযোগে হামলা হয়। ভাগ্যক্রমে অনেকেই সেদিন বেঁচে গেছেন। তবে গত সাড়ে তিন মাসের রাজনৈতিক সহিংসতা ও হামলায় প্রায় দেড় শ পুলিশ আহত হয়েছে।বগুড়া জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলায় লোকসংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৫৬ জন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয়ের অধীন ১২টি থানা, ১৩টি ফাঁড়ি, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বিশেষ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার এক হাজার ৬৭০টি পদ রয়েছে। এর মধ্যে ১০০ পদ শূন্য আছে। প্রেষণে শান্তিমিশন ও প্রশিক্ষণে আছে আরও ৭০ জন। পুলিশ সুপারের কার্যালয়, থানা, পুলিশ লাইনসের দাপ্তরিক কাজ, অস্ত্রাগার পাহারা ও কর্মকর্তাদের নিরাপত্তায় কাজ করে আরও ৫০০ জন। বাকি এক হাজার পুলিশ জেলাজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সে হিসেবে গড়ে প্রতি তিন হাজার মানুষের নিরাপত্তায় কাজ করছে মাত্র একজন পুলিশ।জেলা পুলিশের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, শুধু বগুড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তত তিন হাজার পুলিশ প্রয়োজন। রয়েছে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট-সংকট। বর্তমানে চাহিদার মাত্র ২৫ শতাংশ জ্যাকেট ও হেলমেট রয়েছে পুলিশের কাছে। রয়েছে গাড়ির সংকট। বর্তমানে প্রতিটি হরতালে শুধু শহরেই পুলিশ পরিবহন ও টহল কাজে অর্ধশতাধিক গাড়ি প্রয়োজন হয়।