বগুড়ায় ত্রাণ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য ত্রাণসামগ্রী এলেও তা পর্যাপ্ত নয় বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। দু-এক দিনের মধ্যে তা বিতরণ করা হবে। ধুনটে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: যমুনা নদীর পানি একটু কমলেও বগুড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সারিয়াকান্দি উপজেলার বন্যাকবলিত ১২ ইউনিয়নে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল রোববার পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়নি। চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, এ ইউনিয়নের ১৭ গ্রামের সাড়ে তিন হাজার পরিবার ১০ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। সরকারিভাবে মাত্র ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে এসব চাল বিতরণ করা হবে। কর্ণিবাড়ী ইউপির চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল জানান, তাঁর এলাকার ১৪ গ্রামের পাঁচ হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের সদস্যরা বাড়িতে মাচা করে বা টিনের চালে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত ৪০ টন চাল বরাদ্দ মিলেছে। সোমবারের মধ্যে এসব চাল বিতরণ করা হবে। কুতুবপুরের চেয়ারম্যান গাজিউল ইসলাম বলেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট বিরাজ করছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ধুনট (বগুড়া): বগুড়ায় বাঙ্গালী ও ইসামতী নদীর পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। পানিতে উপজেলার ৭০টি গ্রামের ৩১ হাজার ৪০০ কৃষকের সাত হাজার ৭৯১ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে। সেই সঙ্গে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ধুনটের একটি পৌরসভাসহ এলাঙ্গী, মথুরাপুর, চিকাশি, কালেরপাড়া, নিমগাছি, ধুনট সদর, গোশাইবাড়ী, চৌকিবাড়ী, গোপালনগর ভান্ডারবাড়ীসহ ১০টি ইউনিয়নের ৭০টি গ্রামের বাড়িঘর ও খেতের ফসল তলিয়ে গেছে। গাইবান্ধা: সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঘাঘট, তিস্তা, করতোয়া, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি ৩২ সেন্টিমিটার কমেছে বলে পাউবো জানিয়েছে। তবে বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। গাইবান্ধা শহরের অদূরে ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রিত ব্যক্তিরা এখনো বাড়িতে ফিরতে পারেনি। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে এসব এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, বন্যাকবলিত মানুষের মধ্যে ১০০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি এখনো বিপত্সীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া, ইছামতী, বাঙ্গালী, হুড়াসাগর ও ফুলঝোর নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে ৫১টিতে বন্যা দেখা দিয়েছে। প্রায় ৩০০টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। গতকাল দিনভর প্রবল বর্ষণ এবং বন্যার পানিতে জেলা শহরের রানীগ্রাম, গোশালা, সয়াধানগড়া, মাসুমপুর এলাকার ২০ হাজার মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছে।