বগুড়ায় থানায় হামলায় মামলা, আসামি বিএনপি নেতাসহ ৪০০
বগুড়ার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার গাবতলী মডেল থানায় বিএনপির নেতাসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ।
গাবতলী মডেল থানা সূত্র জানায়, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বাদী হয়ে করা মামলায় গাবতলীর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ লিটনসহ ৫০ জনের নাম উল্লখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ জনকে। পুলিশ গতকাল ঘটনাস্থল থেকে আটক করা দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
সকাল পৌনে নয়টার দিকে গাবতলীর পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ব্যালটবাক্স ছিনিয়ে নেয়। এরপর উচ্চবিদ্যালয়ের সামনে গাবতলী মডেল থানায় ককটেল হামলা চালায়। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারও হামলার মুখে পড়েন। উপজেলা পরিষদেও হামলা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে।