বগুড়ায় দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় খাদ্য বিভাগের শ্রমিক সরবরাহ ও অভ্যন্তরীণ পরিবহন ঠিকাদার নিয়োগের দরপত্র ছিনতাই হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের রহমাননগরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাধা দিতে গিয়ে এক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযোগ করা হয়েছে, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ায় অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ এবং এসব খাদ্য পরিবহনে ওঠানো ও নামানোর জন্য শ্রমিক নিয়োগের ঠিকাদার নির্বাচন করার জন্য দরপত্র আহ্বান করা হয়। জেলার ২৩টি খাদ্যগুদামে এসব ঠিকাদার নিয়োগের লক্ষ্যে ৬ ডিসেম্বর থেকে দরপত্র বিক্রি শুরু হয়। রোববার ছিল দরপত্র কেনার শেষ দিন এবং গতকাল ছিল দরপত্র জমার তারিখ।সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, গতকাল দরপত্র জমা দিতে গেলে একদল যুবক তাঁদের বাধা দেয়। বলা হয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এসব দরপত্র জমা দিতে নিষেধ করেছেন। বেলা পৌনে একটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজুল হক দরপত্র জমা দিতে গেলে তাঁর কাছ থেকে ১০টি দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। একপর্যায়ে তারা এজাজুলকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে সেখানে সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ছুটে যান। পুলিশ হামলাকারী যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় তারা ১০টি দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় উপপরিদর্শক মিজানুর রহমান ও হাবিলদার আবদুল বাকী আহত হন।পরে বগুড়া প্রেসক্লাবে ১৩ জন ঠিকাদার এক অভিযোগে জানিয়েছেন, তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। এর আগে গত রোববার দরপত্র কেনার শেষ দিনেও ঠিকাদারেরা দরপত্র দিতে পারেননি বলে জানান তাঁরা।এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক নেতা এজাজুল হক বলেন, দরপত্র জমা দিতে যাওয়ার পথে রেক্কাত, নাসিম ও আরিফ ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী তাঁকে বাধা দেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে শতাধিক নেতা-কর্মী এসে তাঁকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে রক্ষা করলেও তাঁর হাতে থাকা শিডিউল (দরপত্র) তাঁরা নিয়ে যান। দরপত্র ছিনতাইয়ের ঘটনায় তিনি বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সন্ত্রাসীদের হামলায় তাঁর হাত মচকে গেছে। হামলাকারীরা কোনো দলের কি না, তা জানা নেই।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা সভাপতি আসাদুর রহমান জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত নয়।সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম জানান, দরপত্র ছিনতাই করা হয়েছে—এমন কথা তিনি শুনেছেন; কিন্তু তাঁদের দপ্তরে হয়নি। বাইরে হতে পারে। এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন তিনি। তিনি বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্রগুলো বাছাই চলছিল। প্রায় ১০০ দরপত্র জমা পড়েছে। অভিযোগের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।