বগুড়ায় দরপত্র নিয়ে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ফুলদীঘিতে সন্ত্রাসীরা জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা আমিনুর রহমান শাহীনকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আম বিক্রির দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল মঙ্গলবার এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়ার বাহিনী আমিনুরকে খুন করেছে। এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ মজনু মিয়ার বড় ভাই দুলু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে। এ হত্যাকাণ্ডের পর শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ অধিদপ্তরের খাদ্যশস্য শাখার উদ্যান কেন্দ্রের (হর্টিকালচার সেন্টার) ৫৫টি গাছের আম বিক্রির জন্য ১২ মে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার দুপুর ১২টা। বেলা আনুমানিক সোয়া ১১টা পর্যন্ত শহরের ফুলদীঘিতে অবস্থিত উদ্যান কেন্দ্রে ১১টি এবং বনানী এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটি দরপত্র জমা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু জাফর সিদ্দিক রিপনসহ ১১-১২ জন দরপত্র জমা দিয়ে উদ্যান কেন্দ্রের বারান্দায় অবস্থান করছিলেন। বেলা আনুমানিক সাড়ে ১১টায় জেলা যুবলীগের বহিষ্কৃত সহপ্রচার সম্পাদক আমিনুর রহমান মোটরসাইকেলে সেখানে পৌঁছান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু জাফর সিদ্দিকী ও তাঁর সহযোগীরা আলোচনার কথা বলে শাহীনকে ডেকে আমবাগানের নৈশপ্রহরীর কক্ষে নিয়ে যান। সেখানে আমিনুরের প্রতিপক্ষ মজনু দলবল নিয়ে হাজির হন। দরপত্র জমা দেওয়া নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে নৈশপ্রহরীর বিছানায় আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।আমিনুরের চিৎকারে উদ্যান কেন্দ্রের কর্মকর্তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফিলে। তবে এর আগেই ঘাতকেরা পালিয়ে যায়। নিহত আমিনুরের বুকে ও পেটে ছুরিকাঘাতের ১৮টি ও গলায় দুটি চিহ্ন রয়েছে।উদ্যান কেন্দ্রের নার্সারি তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম জানান, আম বিক্রির দরপত্র আহ্বানের বিষয়টি চিঠি দিয়ে ১০ মে শাজাহানপুর থানাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে জানানো হয়। তারপরও দরপত্র দাখিলের দিনে কোনো পুলিশ দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, শাসক দলের কিছু নেতার মদদে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসী মজনুর পক্ষ নিয়ে অনেক অনৈতিক কাজ করেছেন। আমিনুর হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন শীর্ষস্থানীয় নেতারা।হত্যাকাণ্ডের ঘটনায় আমিনুরের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান মামলার স্বার্থে আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।ওসি আনিছুর রহমান দাবি করেন, দরপত্রের ব্যাপারে তাঁরা কোনো চিঠি পাননি। সন্ত্রাসীদের এক পক্ষের সঙ্গে সখ্য থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। ওসি জানান, নিহত আমিনুরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, এলাকায় দুজন সন্ত্রাসী আমিনুর ও মজনুর মধ্যে বিরোধ বহু আগে থেকে। পুলিশের কোনো ব্যর্থতা আছে কি না তা খতিয়ে দেখা হবে।