বগুড়ায় দর্জিশ্রমিক ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে বগুড়া দর্জিশ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এর সুরাহা না হওয়ায় ঈদের আগে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। ধর্মঘট নিয়ে দর্জি-মালিকদের দায়ের করা মামলায় পুলিশ দর্জিশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ জুলাই থেকে দর্জিশ্রমিক ইউনিয়ন ধর্মঘট করে আসছে। জেলা দর্জিশ্রমিক ইউনিয়ন জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত। ইউনিয়নের সভাপতি আবদুল মতিন জানান, নয় দফা দাবি নিয়ে অনেক আগে থেকে দর্জি-মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বিষয়টি আমলে নেননি। তাই তাঁরা বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছেন। তিনি দাবি করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টারা সবাই জামায়াতের নেতা। তবে এই আন্দোলনের সঙ্গে তাঁরা জড়িত নন।১ আগস্ট দর্জি-মালিকেরা এক সংবাদ সম্মেলনে ৭ আগস্টের মধ্যে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। শহরের আড়াই শ টেইলার্স বন্ধ করে দেওয়ার কথা বলেন তাঁরা। সেই অনুযায়ী ৮ আগস্ট থেকে তাঁরা দোকান বন্ধ করে দিয়েছেন। দর্জি-মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, শ্রমিকদের একঘেয়েমির কারণে দুবার বৈঠক হলেও ফলপ্রসূ হয়নি। এর মধ্যে অনেক শ্রমিক ঈদের কথা চিন্তা করে কাজে যোগ দেওয়ার চেষ্টা করলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়েছে। তবে দর্জিশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন বলেন, মালিকপক্ষের লোকজন তাঁদের মারধর করে আবার মিথ্যা মামলা করছে। সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, তাঁরা কোনো শ্রমিককে মারধর করেননি। এদিকে রাজশাহী বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালকের দপ্তর থেকে ৯ আগস্ট ধর্মঘট বেআইনি উল্লেখ করে শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দিলেও শ্রমিকেরা তা মানেননি।